খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক, ১৪৩৩

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

যোগফল প্রতিবেদক:

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বরগুনার বেতাগী উপজেলার সব মন্দিরে এক মেট্রিক টন করে চাল ও পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। যেসব মন্দিরে যাতায়াতের রাস্তা নেই, সেখানে রাস্তা নির্মাণ এবং যেসব মন্দিরে নিজস্ব ঘর নেই, সেগুলোতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা অবহেলা গ্রহণযোগ্য নয়।

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে নূরুল ইসলাম মনি গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্য উদ্ধৃত করে দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের হিন্দু সম্প্রদায়ের ৮৯ শতাংশ সম্পদ দখল করা হয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নেই এবং প্রতিমা ভাঙচুরের ঘটনাও তাঁর জানা নেই।

মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কঠোর নির্দেশ

বেতাগীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে চিফ হুইপ বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলদারত্ব ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে দলেরই হোক, এমনকি বিএনপির নেতাকর্মী হলেও কাউকে ছাড় দেওয়া যাবে না। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তাঁর নাম ব্যবহার করে কোনো কর্মকর্তা অর্থ আদায় বা অনিয়ম করলে তা তাঁকে জানাতে হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সভায় অনুপস্থিত থাকায় পৌরসভার প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন চিফ হুইপ। উপজেলার পানির সমস্যা সমাধানে প্রয়োজন অনুযায়ী টিউবওয়েল সরবরাহ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণ এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা বলেন নূরুল ইসলাম মনি। এসএসসি পরীক্ষায় কম পাস করা স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষার মান পর্যালোচনা, সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

মাদ্রাসা পরিদর্শনের পর দ্রুত প্রতিবেদন জমা দিতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেন চিফ হুইপ। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ভালো কাজ করা সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বারোপ

কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে কার্যকর তদারকির নির্দেশ দিয়ে চিফ হুইপ বলেন, সার ডিলারদের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বিগত সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে বিপুল অর্থ লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। এসব সংকট সমাধানে কার্যকর পরিকল্পনা ও বাস্তব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া আগামী এক বছর উপজেলায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নিজস্ব অর্থায়নে তিনজন সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার ঘোষণা দেন চিফ হুইপ।

এর আগে তিনি বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ছবি যোগফল

সিমান্ত তালুকদার ।  কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়া নোয়াপাড়া এলাকায় থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর কুমিল্লা থেকে বাগড়াগামী পাকা সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো: টিটু ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার ওহিদ মেম্বারের বাড়ির সোনা মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধার পর উপজেলার বাগড়াগামী পাকা সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে ৬ কেজি গাজাসহ টিটু নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডব্লিউএইচওর পদ পেতে তথ্য জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডব্লিউএইচওর পদ পেতে তথ্য জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যোগফল প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে ব্যক্তিগত বৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্তে বলা হয়েছে, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার উদ্দেশ্যে সংস্থাটিতে জমা দেওয়া ব্যক্তিগত বৃত্তান্তে সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘সম্মানিত বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করার মিথ্যা ও বানোয়াট তথ্য দেন সায়মা ওয়াজেদ।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার জন্য ওই তথ্য ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট নথি পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে ব্যক্তিগত বৃত্তান্ত ডব্লিউএইচওর সদর দপ্তরে পাঠানো হয়।

তদন্তে দাবি করা হয়েছে, ওই তথ্য ব্যবহার করেই ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সায়মা ওয়াজেদ। এসব কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সুনাম ক্ষুণ্ন করা এবং অপরাধমূলক অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে দুদক।

এ ঘটনায় গত বছরের ২০ মার্চ দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৯ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। তবে চার্জশিটে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষেই তাঁর দায় নির্ধারিত হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

যোগফল প্রতিবেদক:

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে। সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব ছাড়ার পর নতুন নেতৃত্ব ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি।

এশিয়ান গেমসের আগেই নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসই ছিল অধিনায়ক হিসেবে তাঁর শেষ টুর্নামেন্ট। তাঁর জায়গায় এবার নেতৃত্বের দায়িত্ব পেলেন দলের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা ইতোমধ্যে দেশের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ নারী দলের হয়ে ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২টি উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া সোবহানা মোস্তারিও ব্যাট হাতে ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি।

সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করা বাংলাদেশি নারী ব্যাটারদের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন সোবহানা। নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের পর বাংলাদেশের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

নতুন নেতৃত্বে বাংলাদেশ নারী দলের সামনে পরবর্তী চ্যালেঞ্জ আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন প্রতিযোগিতায় নাহিদা ও সোবহানার নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম